মাদারীপুরের শিবচর উপজেলায় প্রাইভেট কারের ভাড়া বেশি চাওয়া নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় এক পরিবহন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া এক শ্রমিককে পিটিয়ে আহত করা হয়।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শিবচর থানার ওসি আমির হোসেন সেরনিয়াবাত।
গুলিবিদ্ধ আরমান সরদার (৩৫) উপজেলার সিকদারকান্দি এলাকার বাসিন্দা। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অন্য আহত শ্রমিকের নাম আজিজুল ইসলাম। তিনি স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিকালে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজমল হুদা চৌধুরী ঢাকায় যাওয়ার জন্য পাঁচ্চর গোলচত্বরে যান। সেখানে তিনি শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) শাজাহান মোল্লার ছেলে ফারুক মোল্লার ভাড়া গাড়ির কার্যালয়ে গিয়ে একটি প্রাইভেট কার ভাড়া নিতে চান।
ভাড়া বেশি চাওয়ায় চালকের সঙ্গে আজমল হুদার কথা কাটাকাটি হয়। খবর পেয়ে আজমলের পক্ষের লোকজন গোলচত্বর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় পরিবহন সংশ্লিষ্ট একটি কার্যালয়।
এ সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে আরমান আহত হন। এ ছাড়া পরিবহন শ্রমিক আজিজুলকে পিটিয়ে আহত করা হয়।
খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান এবং ওসি আমির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও সংগ্রহ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) শাজাহান মোল্লা বলেন, “পরিবহন শ্রমিকদের সঙ্গে ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে আজমল হুদার লোকজন আমার ছেলের অফিস ভাঙচুর করেছে। তাদের লোক আমাদের এক শ্রমিককে গুলি করেছে। একজনকে পিটিয়ে আহত করেছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চাই।”
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজমল হুদা চৌধুরী বলেন, “চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণেই এ ঝামেলা হয়েছে। এখানে কোনো চাঁদাবাজ থাকবে না। কয়েকজন চাঁদাবাজ আমার সঙ্গে আজেবাজে ব্যবহার করেছে।
“স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে পড়ে তারা সরতে বাধ্য হয়েছেন। এখানে আমার কোনও লোক সন্ত্রাসী কার্যকলাপ করেনি।”
ওসি আমির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাত থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।