মাদারীপুরে বৃহস্পতিবার ভোরের আলো উদয়ের সাথে সাথে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিএনপি’র সদস্য সচিব ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ও পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
পরে মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি স্কুল-কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন। এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ করা হয়। সকাল থেকেই জেলার সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।