মাদারীপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সদর উপজেলায় বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। রবিবার( ১৯ এপ্রিল ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিবা শাবাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে এমপি জাহান্দার আলী মিয়া বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। মোবাইল ফোনের ভালো ও খারাপ দিক রয়েছে। তরুণ প্রজন্ম যদি বিভ্রান্ত হয়, তাহলে তারা সঠিক জ্ঞান থেকে বঞ্চিত হবে। তিনি আরও বলেন, কিশোর গ্যাং ও মাদকের প্রতি আসক্তি বৃদ্ধি পাচ্ছে, যা প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন ভূমিকা রাখতে হবে। এবারের মেলায় সদর উপজেলার ১৫টি স্কুল ও ৩টি কলেজ অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করছে। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হওয়ার আহ্বান জানান।