মাদারীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হেলেন জেরিন খান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা। এছাড়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। অবৈধ ড্রেজিং, চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং, চাঁদাবাজি, ছিনতাই এবং ভূমি দখল সংক্রান্ত দালাল চক্রের মতো অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার বলেন, অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, সমাজ থেকে এসব অপরাধ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
সভা শেষে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার করতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।