“রাখিব চারপাশ পরিষ্কার, গড়িব সুন্দর পরিবেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্টের মোড়ে এসে শেষ হয়। পরে শকুনি লেক এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। র্যালি ও পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ।
এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রেস্টুরেন্টের মালিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
এ সময় জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি নিজেদের বাড়ি-ঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। কোথাও যেন পরিষ্কার পানিতে মশার লার্ভা জন্ম নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, মাদারীপুর জেলাকে ডেঙ্গুমুক্ত রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক কার্যক্রম ও জনসম্পৃক্ত উদ্যোগ অব্যাহত রাখতে হবে। ডেঙ্গু যাতে বিস্তার লাভ করতে না পারে সেদিকে সবাইকে নজর দিতে হবে।