ডাসারে অপসংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসী।
সোমবার (৭ জুন) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদারীপুরের ডাসার ও কালকিনি এলাকায় অপসংবাদিকতার প্রবণতা বেড়েছে। সাংবাদিকতার নামে কিছু ব্যক্তি মানুষকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেন তারা। তবে তারা স্পষ্ট করে বলেন, এ কর্মসূচি সাংবাদিকদের বিরুদ্ধে নয়; বরং হলুদ সাংবাদিকতা ও ভিউ-নির্ভর অপতৎপরতার বিরুদ্ধে।
বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব ও অপসংবাদ ছড়িয়ে পড়ার মাত্রা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং সত্য ও দায়িত্বশীল তথ্য প্রচারের দাবিতে তারা এ কর্মসূচির আয়োজন করেছেন।
তারা দাবি করেন, ডাসার ও কালকিনিতে কোনো ধরনের অপসংবাদিকতা বরদাশত করা হবে না। যারা সাংবাদিকতার অপব্যবহার করবে, তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের প্রধান মনির সরদার, মিঠু শিকদার, আব্দুস সালাম সরদার, সাবেক সেনাসদস্য জাকির হাওলাদার, হেলাল বেপারী, ফরহাদ সরদার, রেজাউল বেপারী, শাওন বেপারী, ফজলুল হক সরদার, কামরুল সরদার, কবির মাতুব্বরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচিতে প্রায় তিন শতাধিক সচেতন নাগরিক অংশ নেন।